১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আট মাস বয়সী ইব্রাহিম নামে এক শিশুর মৃত্যু হয়। শিশুটি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে এবং শুক্রবার বিকেলে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম বলেন, শিশুটি শুক্রবার দুপুর সাড়ে ৩টায় হাম ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। একইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আইজা নামের পাঁচ মাস বয়সী আরও এক শিশুটির মৃত্যু হয়। সে কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার মমিনুর রহমানের মেয়ে এবং গত চার দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, শিশুটি গত ৩০ মার্চ সোমবার হাম ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে খারাপ অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এ নিয়ে জেলায় চারজন শিশুর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ২০ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩২০ জন রোগীর হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন ভর্তি রয়েছে, যার মধ্যে চারজন শিশুর মৃত্যু হয়েছে এবং ৫-৬ জন শিশুর অবস্থা আশংকাজনক রয়েছে।
