কুষ্টিয়া থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে, পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকাল কর্মবিরতি পালন করছেন। শুক্রবার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে, যার ফলে কুষ্টিয়া-মেহেরপুর, প্রাগপুর, রাজবাড়ী, যশোর, খুলনা, বরিশাল, পাবনা, সিরাজগঞ্জ ও রাজশাহী রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
মালিক গ্রুপ ও মালিক সমিতির অধীনে পরিচালিত যাত্রীবাহী বাস না ছাড়লেও ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন গত সন্ধ্যায় কর্মবিরতির ডাক দেয়। তাদের দাবি হচ্ছে, মালিকরা যে সুযোগ-সুবিধা ভোগ করেন, তা শ্রমিকদেরও দিতে হবে এবং কুষ্টিয়া-খুলনা রুটে একটি বাস চালানোর অনুমোদন দিতে হবে।
এই বিষয়ে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহ আগে শ্রমিকরা এই দুই দাবি জানিয়েছিল। দাবি পূরণ না হওয়ায় আজ থেকে কর্মবিরতি শুরু হয়েছে।’
