কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার জামালপুর এলাকায় এ অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বুধবার দুপুরে কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটেলিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার জয়পুর মাঠপাড়া নামক স্থানে তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ এবং ভারতীয় ২০ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড এন্ড কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও স্থানীয় অনুসন্ধানের ভিত্তিতে পলাতক ২ জন সন্দেহভাজন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরপূর্বক উদ্ধার করা অস্ত্র, কার্তুজ ও মাদকদ্রব্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
