খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অস্থায়ী অপারেশন বেইজ স্থাপন

খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অস্থায়ী অপারেশন বেইজ স্থাপন

সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) একটি অস্থায়ী অপারেশন বেইজ (TOB) স্থাপন করেছে খাগড়াছড়ির কেষ্টমণিপাড়া এলাকায়। শনিবার (১৩ জুন) ৩ বিজিবির অধিনায়ক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, খাগড়াছড়ি ব্যাটালিয়ন ২১ দশমিক ৮ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। এসব কার্যক্রমের মধ্যে সীমান্ত প্রহরা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানো অন্তর্ভুক্ত রয়েছে। তাছাড়া, এই বাহিনী দুর্গম সীমান্ত এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অপারেশনাল কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে কেষ্টমণিপাড়া এলাকায় স্থাপিত নতুন TOB মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার প্রতিরোধে সহায়তা করবে এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করবে।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম জানিয়েছেন, অবৈধ পাচার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং অভিযান জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে কাজ করবে। চোরাচালান দমন এবং বনজ সম্পদ পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

আরও পড়ুন