খাবার দিতে দেরি হওয়ায় মাকে হত্যা করল ছেলে

খাবার দিতে দেরি হওয়ায় মাকে হত্যা করল ছেলে

খাবার দিতে দেরি হওয়ায় ছেলের শাবলের আঘাতে আবুনি রাজভর ওরফে রুকশি (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত শ্যামল রাজভরকে (২৪) আটক করেছে পুলিশ।

নিহত আবুনি রাজভর ওই এলাকার বাসিন্দা শ্যামলাল রাজভরের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চল্লিশা ইউনিয়ন পরিষদের বিপরীত পাশে মগরা নদীর তীরে একটি টিনশেড ঘরে বসবাস করতেন আবুনি রাজভর। তার ছেলে শ্যামল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।

ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে শ্যামল তার মায়ের কাছে ভাত চান। এ সময় তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হলে তিনি ক্ষিপ্ত হয়ে মাকে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে ঘরে থাকা একটি লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে আবুনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, নেত্রকোনা মডেল থানার ওসি মো. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত ছেলেকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন