খুলনার দাকোপ উপজেলায় র্যাবের গাড়ি থেকে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় র্যাবের গাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে। শনিবার (২৩ মে) দুপুরে চালনা পৌরসভার আসাবুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে দাকোপ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে র্যাবের সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, একটি ঘের দখলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় এক পক্ষের ওপর হামলা ও মারধরের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়। একইদিনে, মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালায় র্যাব। অভিযান চলাকালে রসুল সানি ও মুকুন্দ নামে দুইজনকে আটক করে র্যাব সদস্যরা গাড়িতে তোলেন। তবে, তাদের নিয়ে যাওয়ার সময় স্থানীয় কিছু লোক বাধা দেয়। একপর্যায়ে তারা র্যাবের গাড়ি ঘিরে ফেলে এবং জোরপূর্বক আসামিদেরকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় র্যাবের গাড়িতে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাশার বলেন, ‘পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে র্যাব সদস্যদের আসামিদের ছেড়ে আসতে হয়েছিল। পরে যৌথ অভিযান পরিচালনা করে পুনরায় ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।’
