গরমে হিটস্ট্রোক একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তীব্র রোদে দীর্ঘসময় থাকলে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে এই অবস্থার সৃষ্টি হয়। তবে অনেক সময় মানুষ কিছু ভুল করে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাই হিটস্ট্রোক হলে কী করবেন, সেইসাথে কী করা যাবে না সেটাও জানা জরুরি।
হিটস্ট্রোকের লক্ষণ যেমন মাথা ঘোরা, দুর্বল লাগা, ঘাম বন্ধ হয়ে যাওয়া, তীব্র মাথাব্যথা, বমি বা অজ্ঞান হয়ে যাওয়া দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অসুস্থ অবস্থায় রোদে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ছায়াযুক্ত ও ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে।
এ সময় ক্যাফিন বা অ্যালকোহল পান করা ঠিক নয়, কারণ এতে শরীর আরও ডিহাইড্রেটেড হতে পারে। বরং ধীরে ধীরে ঠান্ডা পানি, ওআরএস বা ডাবের পানি দেওয়া উচিত। নিজের মতো করে ওষুধ খাওয়াও উচিত নয়; চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করা বিপজ্জনক।
হিটস্ট্রোকের ক্ষেত্রে শরীরের তাপমাত্রা কমানো প্রথম কাজ হওয়া উচিত। ফ্যান চালানো, ভেজা কাপড় দিয়ে শরীর মুছানো বা ঠান্ডা পানি ব্যবহার করা যেতে পারে। তবে সরাসরি বরফ ব্যবহার করা উচিত নয়। ভারী বা আঁটসাঁট পোশাক পরা থেকে বিরত থাকতে হবে, বরং হালকা, ঢিলেঢালা সুতির পোশাক পরা উচিত।
হিটস্ট্রোকের পর জ্বর, খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। সচেতন থাকলেই হিটস্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমানো যায়। তাই নিজের ও পরিবারের সুরক্ষায় এসব সাধারণ ভুলগুলো এড়িয়ে চলুন।
