গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়ির বারান্দায় রাখা ডিজেল ভর্তি ড্রামে পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাবা ট্রাক্টরে ডিজেল ব্যবহারের জন্য মজুত করেছিলেন।
বুধবার (২২ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফ নামে শিশুটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধাপরেহাট ইউনিয়ন পরিষদের সদস্য একরামুল মিয়া। শিশু আরাফ ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাবু প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবার ট্রাক্টরের জ্বালানি ট্যাংক ফুটো হয়ে যাওয়ার কারণে ডিজেল ওই ড্রামে সংরক্ষণ করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে পরিবারের অগোচরে শিশুটি বারান্দায় রাখা ড্রামের ভেতর পড়ে যায়। ড্রামে প্রায় ৫০ লিটার ডিজেল ছিল এবং সেটি খোলা অবস্থায় ছিল। পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল সাড়ে ৪টার দিকে ড্রামের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
একরামুল মিয়া জানান, সকালে শিশুটির মরদেহ বাড়িতে আনা হয় এবং বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
