গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মির্জাপুর ইউনিয়নের বি,কে বাড়ি এলাকায় শুক্রবার সকালে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর হামলা হয়েছে। এ হামলা চালায় গাজীপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মোঃ গনি ও তার সন্ত্রাসী বাহিনী।
প্রতিবাদ করায় হামলাকারীরা মোসলেহ উদ্দিন বাচ্চুকে হাতুড়ি ও লাঠি দিয়ে আক্রমণ করে। আহত সাংবাদিক জানান, গনি মিয়া ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।
হামলার সময় তিনি নির্মাণকাজ তদারকি করছিলেন। অভিযুক্তরা তার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে কাজ বন্ধ করে দেয় এবং শ্রমিকদের গালিগালাজ করে। প্রতিবাদ করার পর তারা তাকে মারধর করে এবং গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে যায়।
স্থানীয়দের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিককে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ১৮ এবং তারিখ ১৭ এপ্রিল ২০২৬। মামলায় বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। অফিসার ইনচার্জ জানান, আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
