চকলেটের লোভে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক এক ব্যক্তি

চকলেটের লোভে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক এক ব্যক্তি

নরসিংদীর মাধবদীতে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী (৭) ধর্ষণের অভিযোগে আবুল হোসেন (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আবুল হোসেন সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়নের বালুসাইর গ্রামের হালিম মাস্টারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় আবুল হোসেন তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে ডেকে তার বাসায় নিয়ে যান এবং সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর আবুল পালিয়ে যান এবং শিশুটিকে রক্তাক্ত অবস্থায় তার বাড়ির পাশে ফেলে যান। পরে শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানালে তারা দ্রুত তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে ধর্ষণের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আবুল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন এবং ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে জনতা অভিযুক্তকে ধরে গণপিটুনি দেন।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, “আমার মেয়ে স্কুল থেকে আসার সময় আবুল নামে কুখ্যাত সন্ত্রাসী আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আমার মেয়ে শরীরে ক্ষত অবস্থায় বাড়িতে এসে আমাদের জানায়।” তিনি আরও বলেন, “আমি তার মৃত্যুদণ্ড চাই যেন ভবিষ্যতে আর কোনো মেয়ে ধর্ষণের শিকার না হয়।” স্থানীয়রা অভিযোগ করেন, আবুল হোসেনের চারিত্রিক বৈশিষ্ট্য আগে থেকেই প্রশ্নবিদ্ধ ছিল।

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করেছে। ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এবং অপরাধীকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন