চট্টগ্রামের আনোয়ারায় এসএসসি পরীক্ষার্থীর গোপনে ধারণ করা আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজন সহপাঠীর সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে।
শুক্রবার (১০ এপ্রিল) জুঁইদন্ডী ইউনিয়ন থেকে অভিযুক্তকে আটক করা হয়। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, ১৬ বছর বয়সী ভুক্তভোগী কিশোরী চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে আত্মীয়ের বাসায় যখন তিনি ছিলেন, ইমো অ্যাপে একটি ভিডিও পান। ভিডিওটি খুলে দেখার পর তিনি বুঝতে পারেন যে এটি তার গোপনে ধারণ করা বিবস্ত্র অবস্থার ভিডিও।
অভিযোগ অনুযায়ী, ভিডিওটি পাঠানোর পর অভিযুক্ত কিশোররা ভয়েস মেসেজ ও ফোনের মাধ্যমে কিশোরীর কাছে বিভিন্ন দাবি পেশ করে। তারা সমুদ্রসৈকতে যাওয়া, ১০ হাজার টাকা দেয়া অথবা ব্যবহৃত একটি স্মার্টফোন দিতে বলে। অন্যথায়, ভিডিওটি ফেসবুক, ইমো ও টিকটকে প্রকাশ করার হুমকি দেয়।
ভুক্তভোগী এক সহপাঠীকে ঘটনার কথা জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাকে গালিগালাজ ও হুমকি দেয়। একদফা অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করলে তিনি কিশোরীর মোবাইল নম্বর অন্যদের কাছে দেয়ার কথা স্বীকার করেন, যা পরিবারকে একটি সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতার দিকে ইঙ্গিত দেয়।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, নিরাপত্তার জন্য কিশোরী এক বান্ধবীর বাড়িতে আশ্রয় নিলে অভিযুক্তরা সেখানে গিয়ে অপহরণের হুমকিও দেয়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন।
ভুক্তভোগীর বাবা বলেন, “আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমরা চরম উদ্বিগ্ন। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকেও ভয়ভীতি প্রদর্শনের কথা জানান তিনি।
আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মো. মজনু মিয়া বলেন, “ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অন্যদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
