চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক নানা উদ্যোগের ফলে যাত্রীসেবার মান বেড়েছে এবং অভিযোগ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন বিমানবন্দরটির পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর। তিনি বলেন, যাত্রীদের অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে বিমানবন্দরটি এখন অনেক বেশি যাত্রীবান্ধব হয়ে উঠেছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম বোট ক্লাবে অভিবাসীদের কল্যাণ ও পরিসেবা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম।
গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বলেন, প্রবাসী যাত্রীদের বিদেশে ভাষাগত প্রতিবন্ধকতা কাটাতে এবং বিমানবন্দরে আগত বিদেশগামীদের জন্য কাউন্সেলিং বা মনস্তাত্ত্বিক-সামাজিক সহায়তা জোরদার করা প্রয়োজন। তিনি যাত্রীসেবা উন্নয়নে ইতোমধ্যে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন।
তিনি নিরাপদ অভিবাসনে প্রত্যাশীর কার্যক্রমের প্রশংসা করে প্রবাসী যাত্রীদের কল্যাণে বিমানবন্দরে এসব কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান। সেমিনারে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান সেবাসমূহ নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
অনুষ্ঠানে সিভিল এভিয়েশন, বিভিন্ন সংস্থা, এয়ারলাইনস, প্রবাসী কল্যাণ ডেস্ক এবং অভিবাসী কর্মীরা উপস্থিত থেকে যাত্রীসেবা উন্নয়নে নানা পরামর্শ দেন।
