চলন্ত অটোরিকশার ওপর বিদ্যুতের খুঁটি ভেঙে শিক্ষিকা নিহত

গাজীপুরের টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে চলন্ত অটোরিকশার ওপর বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে শারমিন ফেরদৌস (৪৭) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া রেলগেট এলাকার বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন ফেরদৌস উপজেলার শিমুলিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে পল্লী শিমুলিয়া সাবস্টেশন থেকে কালীগঞ্জে সংযোগ দেওয়া লাইনের অন্তত ১৭টি খুঁটি ভেঙে সড়কের ওপর পড়ে যায়। এর মধ্যে একটি খুঁটি চলন্ত অটোরিকশার ওপর পড়লে সেটি দুমড়েমুচড়ে যায়। এ সময় খুঁটিসহ সচল তার পাশের একটি পুকুরে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছ মরে ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন বিদ্যুৎ স্টেশনে খবর দিলে কর্তৃপক্ষ সংযোগ বন্ধ করে দেয়। এরপর অটোরিকশার ভেতর থেকে ওই শিক্ষিকাকে মৃত অবস্থায় বের করা হয় এবং গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার পর টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের কর্মী ও সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে সড়কে পড়ে থাকা খুঁটি অপসারণ ও মেরামতের কাজ শুরু করেন। পরে রাত ৯টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাবের কায়সার জানান, দুর্ঘটনায় নিহত একজনকে হাসপাতালে আনা হয়েছিল। আহত বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিসার আক্তার হোসেন জানান, শিমুলিয়া সাবস্টেশন থেকে কালীগঞ্জে সংযোগ দেওয়া লাইনের একাধিক খুঁটি ভেঙে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে হতে পারে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন