নারায়ণগঞ্জের ফতুল্লায় কথিত ‘ভাগিনা’ বাহিনীর বিরুদ্ধে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে গার্মেন্টসের ঝুটভর্তি ভ্যানগাড়ি লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ব্যবসায়ী সুমন আহম্মেদ ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির ভাগিনা সিফাত একটি কিশোরগ্যাং পরিচালনা করছে, যার নাম ‘ভাগিনা’ বাহিনী। এই বাহিনী মাসদাইর শাসনগাও বিসিক এলাকার ব্যবসায়ী ও দিনমজুর সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। রনির ভাগিনা হওয়ায় সিফাত ও তার বাহিনীর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পান না।
সম্প্রতি গার্মেন্টসের ঝুট দখলে নিতে রনি ও তার সমর্থকরা ফতুল্লার চাঁদনী হাউসিং এলাকায় ব্যাপক গোলাগুলি করেন, যাতে শিশুসহ দুজন আহত হয়। এরপর থেকেই ভাগিনা বাহিনী আরও সক্রিয় হয়ে ওঠে।
ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার ব্যবসায়ী সুমন আহম্মেদ বলেন, গত বৃহস্পতিবার বিকালে তার অফিসে সিফাত ও তার বাহিনীর ১০-১৫ জন সদস্য আসেন এবং চাঁদা হিসেবে ১০ লাখ টাকা দাবি করেন। তিনি জানান, বৈধভাবে ব্যবসা করার কারণে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে তার গার্মেন্টসের ঝুটভর্তি ভ্যানগাড়ি লুট করে নিয়ে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, অভিযোগের তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
