ছেলেকে বাঁচাতে কিডনি দিচ্ছেন মা

ছেলেকে বাঁচাতে কিডনি দিচ্ছেন মা

শরীয়তপুরের জাজিরায় এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসার বিরল দৃষ্টান্ত তৈরি হয়েছে। নিজের ছেলে নাসিম জাহান আকাশকে বাঁচাতে নিজের শরীরের একটি কিডনি দান করেছেন মা নাসিমা সুলতানা।

জাজিরা পৌরসভার উত্তর বাইকশা এলাকার বাসিন্দা আকাশ প্রায় নয় মাস আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানান, তার দুটি কিডনিই প্রায় অকেজো। এরপর থেকে ডায়ালাইসিস ও চিকিৎসার মধ্যে দিন কাটছিল তার। ছেলের এমন অবস্থায় হার মানেননি মা নাসিমা সুলতানা। তিনি নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন। নাসিমা সুলতানা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

পরিবার জানায়, রোববার (১০ মে) রাত ১০টায় রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতালে আকাশের কিডনি প্রতিস্থাপন অপারেশন শুরু হওয়ার কথা। অপারেশন করবেন দেশের খ্যাতিমান কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন ডা. মো. কামরুল ইসলাম।

আকাশের বড় বোন বৃষ্টি আক্তার বলেন, ‘আমার ভাইকে বাঁচানোর জন্য মা নিজের শরীরের একটি অংশ দিয়ে দিচ্ছেন। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নেই। সবাই আমার মা ও ভাইয়ের জন্য দোয়া করবেন।’

আকাশের খালা শিবলি সুলতানা বলেন, ‘আমরা আকাশের কিডনি সমস্যার কথা জানার পর ভেঙে পড়েছিলাম। কিন্তু ওর মা স্বেচ্ছায় নিজের একটি কিডনি দিয়ে ছেলেকে বাঁচানোর সিদ্ধান্ত নেন। ৬০ বছর বয়সে এই অপারেশন যথেষ্ট ঝুঁকিপূর্ণ জেনেও আকাশের মা পিছপা হননি।’

স্থানীয় বাসিন্দা ইমরান হোসাইন বলেন, ‘সন্তানের জীবন বাঁচাতে আকাশের মা নিজের শরীরের একটি কিডনি দান করেছেন। একজন মা শুধু সন্তানকে জন্মই দেন না, প্রয়োজনে নিজের শরীরের অংশ দিয়েও সন্তানের জীবন রক্ষা করেন।’

মা ও ছেলের সুস্থতা কামনায় স্থানীয় মসজিদে দোয়া করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের জন্য দোয়া চেয়ে পোস্ট করছেন অনেকে।

আরও পড়ুন