একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ও প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার কনিষ্ঠ পুত্র নিনিত হুমায়ূনের ও-লেভেল পরীক্ষা উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। শুক্রবার (৮ মে) থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষাকে কেন্দ্র করে দেওয়া পোস্টে তিনি গত কয়েক মাসে নিজের ও পরিবারের ওপর ঘটে যাওয়া নানা প্রতিকূলতার দাবি তুলে ধরেছেন।
বৃহস্পতিবার রাতে এক পোস্টে শাওন লেখেন, আগামীকাল ৮ মে থেকে আমার কণিষ্ঠ পুত্র নিনিত হুমায়ূন সাহেবের ও লেভেল পরীক্ষা শুরু হবে। নিনিত সাহেবের বয়স ১৫ বছর, উনার এবার অষ্টম শ্রেণি শেষ করে নবম শ্রেণিতে উন্নীত হবার কথা ছিল। তিনি পড়তেন ‘সিজিএসডি’ নামক বনানীতে অবস্থিত চমৎকার একটি স্কুলে।
বিস্ফোরক দাবি তুলে শাওন লেখেন, ৫ আগস্ট ২০২৪ এর নতুন স্বাধীনতার (!) পর শুধুমাত্র ফেসবুকে নিজের মত প্রকাশের জন্য আমার গাড়িতে ৩ বার মববাজেরা আক্রমণ করে। প্রতিবারই ড্রাইভারের সাথে নিনিত গাড়িতে ছিল, স্কুল থেকে ফিরছিল। ৩য় বার আমার ড্রাইভারকে মারধর করে গাড়ির মূল কাগজপত্র কেড়ে নেওয়ার পর থানায় জানাতে গেলে তারা জিডিতে লেখেন- ‘অসাবধানতাবশত গাড়ির কাগজপত্র হারিয়ে গেছে।’ আসল কারণ না লেখার বিষয়ে জিজ্ঞেস করলে তারা হতাশ হয়ে জানান তাদের ওপরে নাকি মববাজদের বিরুদ্ধে কোনো রিপোর্ট নেওয়ায় নিষেধ আছে!
পরবর্তী অংশে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার অজুহাত দিয়ে ছেলের জন্য দোয়া চেয়ে তিনি লিখেছেন, নিজের সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে আমি তার স্কুলে যাওয়া বন্ধ করে দেই। প্রাইভেট কোচিংয়ে ১ বছর পড়াশোনা করে আমার ছেলেটা কাল থেকে ও লেভেল পরীক্ষা দিবে। আপনারা নিনিত হুমায়ূন সাহেবের জন্য দোয়া করবেন। তিনি যেন ভালো মানুষ হতে পারেন।
সবশেষে নিজের বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগও তোলেন পোস্টে। তিনি লেখেন, আমার ঢাকার বাসাতেও ৫ আগস্টের পর বার বার মববাজদের আক্রমণ হয়েছে। বাচ্চাদের মায়ের বাড়িতে রেখে আমি নিজে ৩ মাস এবাসা ওবাসা থেকেছি! জামালপুরের এক অখ্যাত গ্রামে থাকা আমার বাবার বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। যেই বাড়িতে মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, জিল্লুর রহমানের মতো প্রবীণ রাজনীতিবিদরাও বেড়াতে গেছেন।
তবে এই পোস্টের বিপরীতে অনেকেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সংশ্লিষ্টতা এবং জুলাই আন্দোলনে বিতর্কিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা মনে করিয়ে দিচ্ছেন।
