রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ছয় মাস বয়সী যমজ কন্যা রিসার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হামে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার যমজ বোন রুহিও একই রোগে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার গাজীপুর থেকে হামের উপসর্গ নিয়ে শিশু দুটিকে ঢাকায় আনা হয়। ঢাকা মেডিকেল ও শিশু হাসপাতাল ঘুরে পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাদের। পরে শনিবার অবস্থার অবনতি হলে রিসাকে আইসিইউতে নেওয়া হয়।
আইসিইউর চিকিৎসক জানান, হামের পাশাপাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে রিসার মৃত্যু হয়েছে। তিনি বলেন, রুহির অবস্থা সিরিয়াস হওয়ায় তাকেও আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে আইসিইউতে ১৪টি শিশু রয়েছে, যাদের অধিকাংশের বয়স ১০ মাসের কম এবং ১৩ জনের অবস্থা ক্রিটিক্যাল।
হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে ৬১ জন শিশু হামে আক্রান্ত হয়ে বিশেষায়িত ওয়ার্ডে ভর্তি আছে। গতকাল দুপুর দেড়টায় আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে আজ সকাল আটটা পর্যন্ত হাসপাতালে চার শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ঢাকা বিভাগে হামের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। গত ৫ এপ্রিল ৩৯২ শিশুর হাম উপসর্গ দেখা গিয়েছিল, যা গতকাল ৪৭০ এবং আজ ৪৯৯ জনে দাঁড়িয়েছে। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত এ বিভাগে ৬০ শিশুর মৃত্যু হয়েছে।
