৭-১২ এপ্রিল বাংলাদেশ সফর করেছে পরিবেশ-প্রকৃতি সংরক্ষণ, পারমাণবিক নিরাপত্তা ও ভোক্তা সুরক্ষা বিষয়ক জার্মান সংসদীয় কমিটির একটি প্রতিনিধিদল। সফর শেষে প্রতিনিধিদলটি বাংলাদেশি জনগণের জলবায়ু ঝুঁকি সহনশীলতার প্রশংসা করেছে।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকাস্থ জার্মান দূতাবাস জানায়, প্রতিনিধিদলটি দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করে। সফরের সময় তারা ক্ষতিগ্রস্ত জনগণ এবং বাস্তুতন্ত্র সরেজমিনে পরিদর্শন করে জলবায়ু অভিযোজন, জীববৈচিত্র্য ও প্রজাতি সংরক্ষণ, পানি সুরক্ষা এবং পরিবেশ দূষণ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার বিষয়ে অন্তর্দৃষ্টি লাভ করেন।
ডেপুটি চেয়ারম্যান মাইকেল থিউসের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সাংসদ ভায়োলেটা বক, ড. ফ্রানজিস্কা কার্স্টেন, ম্যানুয়েল ক্রাউথাউসেন, জুলিয়া শাইডার এবং সাশা ভ্যান বিক। সফরের শুরুতে তারা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক করেন, যেখানে উভয় পক্ষ জার্মানি ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সফরকালে প্রতিনিধিদলটি সাভার, খুলনা এবং সুন্দরবনে গিয়ে স্থানীয় কর্তৃপক্ষ ও জনগণের সঙ্গে আলোচনা করে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সংরক্ষণ প্রচেষ্টা সম্পর্কে জানতে পারে। সাতক্ষীরার জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগণের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে সফরটি সমাপ্ত হয়, যেখানে তারা বাংলাদেশের জলবায়ু সহনশীলতার প্রশংসা করেন।
মাইকেল থিউস উল্লেখ করেন, জার্মানির প্রযুক্তিগত সক্ষমতা সাহায্য করার জন্য প্রস্তুত। তিনি বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তা মোকাবিলায় জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন। জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, এই সফর জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
