দেশে কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, ইতোমধ্যে দেশব্যাপী ৫ লাখ ৫৮ হাজার ৭০০ ডোজ অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের বাঁশখালী উপজেলা হেলথ কমপ্লেক্সসহ দেশের সব হাসপাতালে কুকুরে কামড়ানোর প্রতিষেধক সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ তিনি জানান, ১০ জুন পর্যন্ত বাঁশখালী উপজেলা হেলথ কমপ্লেক্সে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিনের ৫০টি ভায়াল মজুত রয়েছে।
মন্ত্রী আরো জানান, জরুরি পরিস্থিতিতে ভ্যাকসিনের জোগান নিশ্চিত করতে সরকারের ‘চার স্তরের’ প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের পরিষ্কার নির্দেশনা রয়েছে— যদি কোনো উপজেলায় মাত্রাতিরিক্ত রোগী আসে এবং স্টক শেষ হয়ে যায়, তবে পাশের উপজেলা থেকে তাৎক্ষণিকভাবে সংগ্রহ করতে হবে।’
সংসদ সদস্য ও দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘চার স্তরে আমরা মজুত রেখেছি। ইনশাআল্লাহ এই আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও আমাদের ভ্যাকসিনের কোনো অভাব হবে না।’
