জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে, তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জামালপুর পৌর এলাকার বুলবুল আহমেদ, কালাম মাকু ও রুকু।
রাষ্ট্র পক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৩ সালের মার্চ মাসের দিকে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণ করে দলবদ্ধভাবে ধর্ষণ করে বুলবুল আহমেদ, কালাম মাকু ও রুকু। পরে ওই গৃহবধূর স্বামী জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন। দুই বছর পর ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাদের তিনজনকে যাবজ্জীবনের পর মৃত্যুদণ্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডাদেশ দিয়েছেন।
