জুমার নামাজে মুসল্লির মৃত্যু, সৈয়দপুরে শোকের ছায়া

জুমার নামাজে মুসল্লির মৃত্যু, সৈয়দপুরে শোকের ছায়া

নীলফামারীর সৈয়দপুরে পবিত্র জুমার নামাজ আদায় করতে গিয়ে আসলাম (৫৬) নামে এক মুসল্লি মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। মরহুম আসলাম কলিম মোড় এলাকার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আসলাম জুমার নামাজের জন্য যথাসময়ে কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত হন। খতিবের বয়ান চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মসজিদের মেঝেতে ঢলে পড়েন।

পাশে থাকা মুসল্লিরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পবিত্র জুমার দিনে ইবাদতরত অবস্থায় এমন প্রয়াণে সৈয়দপুর শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আসলাম স্থানীয় মানুষের কাছে একজন নম্র ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় এক মুসল্লি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘মৃত্যু তো আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত। কিন্তু জুমার দিনে মসজিদের মতো পবিত্র স্থানে নামাজ পড়তে এসে বিদায় নেওয়া সত্যিই এক পরম সৌভাগ্যের বিষয়।’

আরও পড়ুন