স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই। মূলত পাচার ও অপচয় রোধ করে জ্বালানি খাতে শৃঙ্খলা আনতেই সরকারের পক্ষ থেকে মূল্য বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
মন্ত্রী বলেন, সংসদীয় ইতিহাসে মুলতবি প্রস্তাব সাধারণত বিরোধী দল থেকে আসে, যা সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে। তবে বর্তমান সংসদীয় সংস্কৃতিতে এই সেশনে দুটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যা একটি অনন্য নজির।
জ্বালানির দাম বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনগণের সুবিধার্থে দামের বৃদ্ধি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আমাদের ন্যাশনাল ইকোনমি আর এফোর্ড করতে পারছিল না, এজন্য দাম বাড়াতে বাধ্য হয়েছি।
বিরোধী দলের অভিযোগ খণ্ডন করে তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইতিমধ্যে ৩০০ বিধিতে বিবৃতি দিয়েছেন এবং পরিসংখ্যান দিয়ে দেখিয়েছেন যে দেশে তেল ও গ্যাসের সংকট নেই। তাই সংসদ মুলতবি রেখে আলোচনার প্রয়োজন নেই।
মন্ত্রী আরও বলেন, সংসদ মুলতবি না করে ৬৮ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে। স্পিকারের কাছে অনুরোধ থাকবে, বিরোধী দলীয় নেতাকে এই বিধিতে নোটিশ দেওয়ার সুযোগ দেওয়া হোক।
