ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে চাচা-ভাতিজার সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন কামালহাট গ্রামের মৃত ইমান আলীর ছেলে নিয়ামত।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টাকা লেনদেন নিয়ে নিয়ামত ও তার ভাতিজার মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয় এবং ভাতিজার লাঠির আঘাতে নিয়ামত গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
