ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন বাগানমাঠ গ্রামের রফিকুল সরকার (৫১) ও একই গ্রামের নুর আলম বাবু (৩৫)। স্থানীয়রা জানায়, রফিকুল সরকার দুপুরে নিজ ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যান। সেসময় সেচ পাম্পের ছিড়ে যাওয়া মোটরের তারে বিদ্যুতায়িত হন।
পাশের জমিতে থাকা চাচাতো ভাগ্নে নুর আলম বাবু উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে মারা যান। মাঠে থাকা অন্য কৃষকরা তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
একই গ্রামের কৃষক আসাদুল ইসলাম বলেন, আমি অন্য মাঠে কাজ করছিলাম। লোকজনের ছুটাছুটি দেখে দৌড়ে এসে দেখি দুইজনের মরদেহ পড়ে আছে। তারা আপন চাচাতো মামা-ভাগ্নে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। দুইজন কৃষক মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
