ঢাকায় নতুন মারণাস্ত্র ‘পেন গান’, উৎস খুঁজছে ডিবি

ঢাকায় নতুন মারণাস্ত্র ‘পেন গান’, উৎস খুঁজছে ডিবি

রাজধানী ঢাকায় ‘পেন গান’ নামে একটি নতুন ধরনের ক্ষুদ্রাস্ত্রের সন্ধান পেয়েছে পুলিশ। গত ৩ এপ্রিল পুরান ঢাকায় যুবদল নেতা রাসেলকে গুলির ঘটনার তদন্তে নেমে অস্ত্রটি উদ্ধার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সোহেল ওরফে কাল্লু ও সায়মন নামে দুজনকে গ্রেপ্তার করেছে এবং অস্ত্রটির উৎস খুঁজছে।

ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মো. নাসিরুল ইসলাম বলেন, ‘অস্ত্রটি গতানুগতিক কোনো অস্ত্র নয়। এটি একটি বিশেষ ধরনের কলম সদৃশ বস্তু, যা ‘পেন গান’ নামে পরিচিত। এমন অস্ত্র অতীতে কখনো ব্যবহৃত হওয়ার রেকর্ড নেই বা এমন মামলা আমরা ডিএমপিতে পাইনি। তাই অস্ত্রটি কীভাবে দেশে এল, কে কে জড়িত– সবকিছু উদ্ঘাটনে আমাদের একাধিক টিম কাজ করছে।’

৩ এপ্রিল বিকেলে পুরান ঢাকার নয়াবাজারে রাসেলকে গুলি করা হয়। মামলার বাদী রাসেলের ভাই ফয়সাল হোসেন বলেন, ‘আমার ভাইকে গুলির ঘটনা সায়মনের বাসায় হয়। তার আগে মোবাইল ফোনে ডেকে নেয় রিপন। গুলি করে আমার ভাইকে আহত অবস্থায় তারাই প্রথম হাসপাতালে নিয়ে যায়।’ রাসেলকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গ্রেপ্তার সোহেল ওরফে কাল্লু জিজ্ঞাসাবাদে জানায়, এই ‘পেন গান’ ৮০ হাজার টাকায় একজনের কাছ থেকে কেনা হয়। পরে রাসেলের কাছে ২০ হাজার টাকা বেশি লাভে বিক্রি করতে চেয়েছিলেন সায়মন। ঘটনার দিন সোহেল ওরফে কাল্লু, সায়মন, রিপন দাস ও রাসেল একত্রে ইয়াবা সেবন করছিলেন এবং কথাকাটাকাটির একপর্যায়ে রাসেলকে গুলি করা হয়।

‘পেন গান’ একটি ছদ্মবেশী আগ্নেয়াস্ত্র, যা দেখতে সাধারণ কলমের মতো হলেও এর ভেতরে ছোট আকারের ফায়ারিং মেকানিজম থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, অস্ত্রটি ভারত কিংবা পাকিস্তানের তৈরি এবং বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে দেশে প্রবেশ করেছে। গোয়েন্দারা এ ধরনের অস্ত্র খুলনাসহ দেশের পশ্চিমাঞ্চলে চরমপন্থীদের ব্যবহার করার তথ্যও পেয়েছেন।

আরও পড়ুন