ঢাকা জেলার সিএনজিচালিত অটোরিকশা মহানগরীতেও চলাচলের অনুমতি দাবি

ঢাকা জেলার সিএনজিচালিত অটোরিকশা মহানগরীতেও চলাচলের অনুমতি দাবি

ঢাকা জেলার সিএনজিচালিত অটোরিকশা মহানগরীতে চলাচলের অনুমতি চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্যজোট।

রোববার (১২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এই দাবি জানান তারা। ঢাকা জেলায় চলাচলকারী ঢাকা-থ সিরিয়ালের সিএনজিচালিত অটোরিকশা ঢাকা মহানগরে চলতে দেওয়া হয় না, ফলে সেগুলোকে ঢাকা জেলার আওতাধীন অন্যান্য এলাকায় চলাচল সীমাবদ্ধ রাখতে হয়। অটোরিকশার মালিক ও চালকেরা এই শর্ত প্রত্যাহার চান।

সমাবেশে বক্তারা জানান, ঢাকা জেলা সিএনজি অটোরিকশা ঢাকা-থ মহানগরীতে অবাধে চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে ৩ হাজার গাড়ির মালিক শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। বিআরটিএ দফায় দফায় পরীক্ষা-নিরীক্ষা শেষে গত বছরের ডিসেম্বরে অনুমতিদানের সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি দেয়। তবে, মন্ত্রণালয় ওই চিঠির পরিপ্রেক্ষিতে দীর্ঘ সময় ক্ষেপণ করেও তাদের সঙ্গে কোনো সভা করতে পারেনি।

বক্তারা আরও বলেন, গত ৬ এপ্রিল একটি সভা অনুষ্ঠিত হলেও বিআরটিএ চেয়ারম্যানের রিপোর্টের পর পুনরায় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দীর্ঘদিনের সমস্যাকে নতুন করে বিড়ম্বনায় ফেলেছে। তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন।

তারা দাবি করেন, বিআরটিএ নতুন তদন্তের নামে সময়ক্ষেপণ না করে মহানগরীতে ঢাকা-থ সিএনজি অটোরিকশার চলাচলের অনুমতি দ্রুত দিতে হবে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা-থ সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্যজোটের আহ্বায়ক মো. রফিক, সদস্য সচিব আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল, আল মামুন প্রমুখ।

আরও পড়ুন