রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত ছাত্রী হোস্টেলের উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার (১৬ মে) বিকালে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালকে ভবিষ্যতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কাজ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মানোন্নয়ন ও সক্ষমতা বাড়াতে সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, নবনির্মিত ছাত্রী নিবাস কলেজটির ছাত্রীদের আবাসন সমস্যার কিছুটা হলেও সমাধান করবে। এই হোস্টেল নির্মাণ, উদ্বোধন ও কার্যক্রম চালুর পেছনে কলেজের ম্যানেজমেন্ট, গভর্নিং বডি ও ফ্যাকাল্টির সদস্যসহ সংশ্লিষ্ট সবার অবদান রয়েছে-এ জন্য আমি নিজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, আমরা চাই একটা আন্তর্জাতিক মানের মেডিকেল কলেজ হাসপাতাল হোক। আগামীতে যদি মেডিকেল ইউনিভার্সিটি করা যায় আমরা সেই ব্যাপারেও কাজ করে যাব।
প্রতিমন্ত্রী আরও বলেন, পার্শ্ববর্তী ন্যাশনাল হাসপাতালের মানোন্নয়ন এবং এর সক্ষমতা বৃদ্ধির জন্যও বদ্ধপরিকর। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-৬ আসনের নির্বাচনী প্রচারণায় এসে এই কলেজ ও হাসপাতালের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। সেই বার্তাও তিনি অনুষ্ঠানের মাধ্যমে এলাকাবাসীর কাছে পৌঁছে দিতে চান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের গভার্নিং বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. লুৎফুর রহমানসহ হাসপাতালটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
