দুমকিতে ট্রাকের ধাক্কায় মারা গেলেন ব্যাংক কর্মকর্তা

দুমকিতে ট্রাকের ধাক্কায় মারা গেলেন ব্যাংক কর্মকর্তা

পটুয়াখালীর দুমকিতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ খাঁন (৭০)। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৭:৩০টার দিকে দুমকি উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

হারুন অর রশিদ খাঁন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবয়েড়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং তিনি সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম গিয়াস উদ্দিন খানের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারুন প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়, যার ফলে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়, এতে চালক রফিক গুরুতর আহত হন। তাকে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের স্ত্রী নাসিমা বেগম ডলি বলেন, “সকালবেলা সে হাঁটতে বের হয়েছিল কিন্তু আর ফিরে আসলেন না। কীভাবে কী হয়ে গেল।”

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঢাকা পোস্টকে জানান, নিহত ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার আবেদন জানানো হয়েছে এবং পরিবার কোনো লিখিত অভিযোগ দেয়নি। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন