পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাকের ওপর হামলা চালানো হয়েছে। শতাধিক লোক মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা চালায়, এ সময় তার নিরাপত্তাকর্মী আহত হন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে দেবীগঞ্জের ভাউলাগঞ্জ ইউনিয়নের মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। পাম্প কর্তৃপক্ষ জানায়, তেলের জন্য আসা অধিকাংশ মোটরসাইকেল চালকের ফুয়েল কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছিল না, তাই বৈধ কাগজপত্র না থাকা চালকদের তেল না দেওয়ার কথা জানানো হয়।
বিষয়টি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ইউএনও দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। তিনি বৈধ কাগজপত্র না থাকা চালকদের সরে যেতে বলেন এবং দুজনকে ৫০০ টাকা করে জরিমানা করেন। হঠাৎ করে হামলাকারীরা এসে ইউএনও এবং তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালায়।
হামলাকারীরা নিরাপত্তাকর্মীর ওপর চড়াও হয়ে তার সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও স্থানীয়দের সহায়তায় দৌড়ে পাশের মুমিনুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
ইউএনও সবুজ কুমার বসাক বলেন, তিনি তিনটি পাম্পে তেল দেওয়ার জন্য গিয়েছিলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। হামলার বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
