দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার

দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশকে স্বনির্ভর করা এবং লক্ষ্মীপুরকে স্বনির্ভর করা তাদের নতুন অঙ্গীকার। তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়ার অনেক অসমাপ্ত কাজ আছে, বেগম খালেদা জিয়াও অনেক চেষ্টা করেছেন, আর এগুলো সমাপ্ত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যা নির্বাচনের সময় বলা হয়েছিল, এখনো বলা হচ্ছে এবং সামনে সেই ধরনের প্রকল্প গ্রহণ করা হবে।

শনিবার বিকেলে লক্ষ্মীপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ-এপ্রিল মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্য অধিদপ্তরের ব্যানারে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, নদীতে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময় সরকার আগের চেয়ে বরাদ্দ অনেক বাড়িয়ে দিয়েছে, যা সরকারের পক্ষ থেকে উদার নীতি ও সম্মান। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুনভাবে চিন্তা করেছেন এবং শপথ গ্রহণের পর প্রথমদিন থেকেই দায়িত্ব নিয়ে জনগণের পাশে আছেন, প্রতিশ্রুতি রক্ষা করে প্রতিদিন কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট এলাকায় খাস জমিতে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা করা হচ্ছে, যেখানে জরিপ শুরু হয়েছে। এতে কৃষিভিত্তিক কলকারখানা গড়ে উঠলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকা স্বয়ংসম্পূর্ণ হবে। ভবানীগঞ্জ-মতিরহাটের রাস্তা করা হলে তা অঞ্চলের জন্য অতিরিক্ত সুবিধা বয়ে আনবে।

লক্ষ্মীপুরবাসীর উদ্দেশ্যে মন্ত্রী বলেন, যতবার নির্বাচন হয়েছে ততবার তারা বিএনপিকে নির্বাচিত করেছেন, কিন্তু ফ্যাসিবাদী সময়ে উপেক্ষিত ও বঞ্চিত হয়েছেন। জনগণের সরকার দায়িত্বে আসার পর তাদের প্রত্যাশা অনেক বেশি এবং তারা যেন আর কখনো বঞ্চিত না হন।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হেমায়েত হোসেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

আরও পড়ুন