দেশের সব প্রাথমিক স্কুলে বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

দেশের সব প্রাথমিক স্কুলে বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

দেশের সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রতি বছর শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম বিতরণের কার্যক্রম শুরু হবে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ব্র্যাকের শিক্ষা কর্মসূচির উদ্যোগে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা সংস্কার : কৌশলগত পথনির্দেশনা’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালু করা হয়েছে এবং আগামী বছরের মধ্যে সব বিদ্যালয়ে এই ব্যবস্থা করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন। শিক্ষাখাতের উন্নয়নে কারিকুলাম, ক্লাসরুম এবং কনসিসটেন্সি ঠিক করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার কারিকুলামে অনেক ঘাটতি রয়েছে এবং এটি পর্যালোচনা করে আপডেট করতে হবে। যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের বিষয়ে তিনি প্লে-বেজড ও স্টোরি টেলিং-বেজড শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষকদের কার্যকরী প্রশিক্ষণের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, পিটিআই থেকে ১০ মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু স্কুলে এ প্রশিক্ষণের প্রয়োগ দেখা যাচ্ছে না। তাই টিচারদের প্রশিক্ষণগুলো আরও কার্যকরী করা হবে বলে তিনি জানান।

সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী।

আরও পড়ুন