নড়াইল সদর উপজেলায় নিজ শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার দায় স্বীকার করেছেন মা আরিফা বেগম (২১)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় নড়াইল সদর আমলি আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। আদালত তাকে নড়াইল জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হতাহত শিশু তাবাসসুম উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মানিক মোল্যার কন্যা। প্রায় দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের মো. খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফাকে বিয়ে করেন চাঁন মানিক মোল্যা।
আরিফা বেগমের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, সাড়ে তিন মাসের তাবাসসুম জন্মের পর থেকেই অনেক কান্নাকাটি করত। তাকে সামলানোর জন্য মা আরিফা বাদে আর কেউ ছিল না। শিশুটিকে সামলাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আরিফা। সেই যন্ত্রণা থেকে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শিশুটিকে কোলে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন তিনি।
এর আগে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে গলায় গামছা পেঁচিয়ে শিশু তাবাসুমকে হত্যার খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে হেফাজতে নেয়।
