নদীতে নেমেছিল দুই ভাই, ২৮ ঘণ্টা পর ভেসে উঠল বড় ভাইয়ের মরদেহ

নদীতে নেমেছিল দুই ভাই, ২৮ ঘণ্টা পর ভেসে উঠল বড় ভাইয়ের মরদেহ

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাইয়ের মধ্যে ২৮ ঘণ্টা পর বড় ভাইয়ের মরদেহ ভেসে উঠেছে। তবে এখনও নিখোঁজ রয়েছে ছোট ভাই।

সোমবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে একজনের মরদেহ ভেসে উঠে। এর আগে রোববার দুপুরে ওই এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় দুই ভাই। তারা হলেন সদর উপজেলার মোগলহাট ট্যাম্পু স্টান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ও অষ্টম শ্রেণির ছাত্র সাওন হোসেন। তারা দুজন স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বন্ধু মেহেদিসহ ধরলা নদীতে গোসলে নামে দুই ভাই। গোসলের এক পর্যায়ে পানির গভীরে ডুবে নিখোঁজ হয় সাব্বির ও সাওন। বন্ধু মেহেদি তাদের উদ্ধারে চেষ্টা করলে সেও ডুবে যায়। তীরে থাকা এক জেলে বিষয়টি দেখতে পেয়ে দ্রুত নেমে মেহেদিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ হয় দুই ভাই।

খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ও মোগলহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। পরে অভিযানে যুক্ত হয় লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের সন্ধান মেলাতে ব্যর্থ হলে বিকেলে রংপুরের ডুবুরি দল এসে অভিযান শুরু করে। রাতে অসমাপ্ত রেখে অভিযান স্থগিত করা হয়। সোমবার পুনরায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালায় স্থানীয় ডুবুরি ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিকেলে হঠাৎ ২৮ ঘণ্টা পর ভেসে উঠে বড় ভাই সাব্বিরের মরদেহ। তবে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ছোট ভাই সাওন।

লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রোকন উজ্জামান জানান, বড় ভাই সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর জনকে উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে।

আরও পড়ুন