নাটোরের নলডাঙ্গায় প্রশাসনের অভিযানে অবৈধভাবে মজুত করা ১ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধভাবে মজুত করে অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার পীরগাছা বাজারে অভিযান চালিয়ে মেসার্স আফরোজা এন্টারপ্রাইজ থেকে ৫০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোলসহ মোট ১ হাজার লিটার তেল উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নলডাঙ্গা থানা-পুলিশও সহযোগিতা করে। ব্যবসায়ী মুকুল হোসেনের প্রতিষ্ঠানে মজুতকৃত ৫০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল পাওয়া যায়। তিনি সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে প্রতি লিটার ডিজেল ১২০ টাকায় এবং পেট্রোল ১৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি করছিলেন।
অভিযানে মুকুল হোসেনকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ৫০০ লিটার পেট্রোল স্থানীয় ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রেখে সাধারণ মোটরসাইকেল চালকদের কাছে এবং ৫০০ লিটার ডিজেল কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা হয়।
নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
