নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ট্যাংক লরিতে জ্বালানি তেল মজুত ও বিক্রি করায় প্রশাসন বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। এ সময় প্রায় ১৩ হাজার ৫০০ লিটার ডিজেলসহ দুটি ট্যাংকলরিসহ ফিলিং স্টেশনের মিটার জব্দ করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বার্মা স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়েজ উদ্দিন।
উপজেলা প্রশাসন জানায়, অভিযানের সময় দুটি ট্যাংকলরিতে ফিলিং স্টেশনের মিটার সংযুক্ত করে সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল, যা প্রচলিত আইন ও বিধিমালার পরিপন্থি।
অভিযানে আটককৃতরা হলেন—সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মো. জসিম (৩৮) এবং বার্মা স্ট্যান্ড এলাকার মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)। অভিযানে ট্যাংকলরিগুলোর বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় নারায়ণগঞ্জ-চ-০১-০০২৯ ও পিরোজপুর-ঢ-৪১-০০৪৮ নম্বরের দুটি ট্যাংক লরি জব্দ করা হয়।
অভিযানে জব্দ করা ট্যাংকলরিগুলোতে আনুমানিক ১৩ হাজার ৫০০ লিটার ডিজেল মজুত ছিল। এ ছাড়া, দুটি ফিলিং স্টেশন মিটারও জব্দ করা হয়েছে এবং ট্যাংকলরিগুলো সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতে নেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ জ্বালানি মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
