নারায়ণগঞ্জের মদনপুরে একটি আবাসিক বাসায় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মদনপুরের ছোটবাগ এলাকায় এটি ঘটে।
দগ্ধদের উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে রয়েছেন সবজি ব্যবসায়ী আলী আহমদ মান্নান (৫০), তার স্ত্রী পোশাক শ্রমিক সুলতানা আক্তার (৪২), তাদের কলেজপড়ুয়া ছেলে সিয়াম (১৯) এবং স্কুলপড়ুয়া মেয়ে মিমি (৯)। এছাড়া, দুর্ঘটনায় পথচারী শিশু হযরত আলী (৮)ও দগ্ধ হয়েছে।
দগ্ধ ও তাদের স্বজনরা জানিয়েছেন, আলী আহমদ মান্নান পরিবার নিয়ে মদনপুরের ওই একতলা বাড়িটিতে ভাড়া থাকতেন। বেশ কিছুদিন ধরে তাদের বাসার গ্যাসের চুলার লাইনে লিকেজ ছিল। আজ সকালে আলী আহমদ মান্নান মেরামত করার চেষ্টা করেন। মেরামত শেষ করে তার স্ত্রী রান্না করার সময় আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে ঘরের চারজন ও বাইরে থাকা শিশু দগ্ধ হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। আলী আহমদ মান্নানের শরীরে ৩০ শতাংশ, সুলতানা আক্তারের ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ এবং মিমির ৪১ শতাংশ দগ্ধ হয়েছে। শ্বাসনালী দগ্ধ হওয়ায় তাদের চিকিৎসা চলছে। তবে পথচারী শিশু হযরত আলীর শরীরের ৮ শতাংশ পুড়লেও তার অবস্থা গুরুতর নয়।
