পঞ্চগড়ে সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে ঘুরতে যাওয়ার কুপ্রস্তাব ও আপত্তিকর অঙ্গভঙ্গি করার অভিযোগে আবু হাসান (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের পেছনের সড়কে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আবু হাসান পঞ্চগড় সদর ইউনিয়নের ডুডুমারি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই কলেজছাত্রী প্রাইভেট শেষ করে কলেজের পেছনের গলি দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে আবু হাসান তার গতিরোধ করেন এবং টাকার বিনিময়ে তার সাথে ঘুরতে যাওয়ার কুপ্রস্তাব দেন। এ সময় তিনি ছাত্রীর উদ্দেশ্যে আপত্তিকর অঙ্গভঙ্গিও করেন। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওই যুবককে আটক করে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বিকেলে ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে বাদীর অভিযোগ, আসামির স্বীকারোক্তি ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না এই দণ্ডাদেশ প্রদান করেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইভটিজিংয়ের অভিযোগে স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে আইনের আওতায় এনে সাজা প্রদান করা হয়েছে。
