পশ্চিমাঞ্চল রেল নেটওয়ার্ক আধুনিকায়নে ২ হাজার ২৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন

পশ্চিমাঞ্চল রেল নেটওয়ার্ক আধুনিকায়নে ২ হাজার ২৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন

পশ্চিমাঞ্চল রেল নেটওয়ার্ক আধুনিকায়নে ২ হাজার ২৮ কোটি ৫৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম ধাপ)’ শীর্ষক এই প্রকল্পের পুরো অর্থ সরকারি নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।

পরিকল্পনা কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলওয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্প ২০৩১ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির মূল লক্ষ্য তিনটি: নির্ধারিত গতিতে নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করা, যাত্রী ও পণ্য পরিবহন সেবার মান উন্নয়ন এবং রেল অবকাঠামোর দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো।

পশ্চিমাঞ্চলীয় রেল নেটওয়ার্কে ক্রমবর্ধমান পরিচালন চাপ এবং দীর্ঘদিনের জরাজীর্ণ অবকাঠামোর কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে পশ্চিমাঞ্চলে ১,৯৩০.৮৮ রুট কিলোমিটার এবং ২,৫০৫.৫০ ট্র্যাক কিলোমিটার রেলপথ রয়েছে। এই নেটওয়ার্কের বড় অংশ ১৯৩০, ১৯৪৩, ১৯৬৮ ও ১৯৬৯ সালে স্থাপিত পুরোনো রেললাইন দিয়ে গড়ে ওঠায় অনেক অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে।

বেশ কিছু অংশে রেললাইনের ক্ষয়ের হার ১২ থেকে ১৫ শতাংশে পৌঁছেছে, ফলে ফাটল ও লাইন ভেঙে যাওয়ার ঘটনা ঘটছে। স্লিপার ও ব্যালাস্টের অবস্থাও উদ্বেগজনক; অনেক এলাকায় ২৫ থেকে ৩০ শতাংশ স্লিপার ক্ষতিগ্রস্ত ও অকেজো। এতে ট্রেন চলাচলে ঝুঁকি বাড়ছে এবং গতিসীমা কমিয়ে আনা হয়েছে।

প্রকল্পের আওতায় ভবানীপুর থেকে এমজিএমসিএল পর্যন্ত ২১.৪৯২ কিলোমিটার রেলপথের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন করা হবে। এছাড়া ৫০০.২ কিলোমিটার রেললাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং আরও ৪৩.৯০ কিলোমিটার রেলপথের পূর্ণাঙ্গ পুনর্বাসন করা হবে। প্রথম ধাপে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি রেলপথকে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রকল্প এলাকা রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের একাধিক জেলায় বিস্তৃত। দেশীয় পরিবহন উন্নয়নের পাশাপাশি প্রকল্পটি আঞ্চলিক রেল সংযোগ জোরদার করবে, বিশেষ করে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আন্তর্জাতিক যাত্রী ও পণ্য পরিবহন সহজ হবে। প্রকল্পটি ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক, সার্ক, বিসিআইএম, বিমস্টেক ও বিবিআইএন উদ্যোগের পরিপূরক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন