রাঙামাটিতে ৪০ দিনের এক খাল খনন কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছেন প্রায় ৬০০ গ্রামবাসী।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের ত্রিপুরাছড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমা। তিনি জানান, এলাকাবাসীর দুর্ভোগ নিরসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
৪০ দিনের এই কর্মসূচিতে ত্রিপুরাছড়া হতে দ্বিমুখ্যাছড়া পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার নৌপথ খনন করা হবে। এতে অংশ নিচ্ছেন ৬০০ নারী-পুরুষ শ্রমিক। খাল খনন সম্পন্ন হলে এলাকার কয়েক হাজার মানুষ সুবিধা ভোগ করবেন। চলতি শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় স্থানীয় খালগুলো শুকিয়ে গেছে, ফলে নৌ চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
অমর চাকমা জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ৮ কিলোমিটার পানিপথে খাল খনন কার্যক্রম চলছে। তিনি আরও বলেন, তার ইউনিয়নের সব জায়গায় সরকারিভাবে খাল খননের উদ্যোগ নেওয়া হবে।
