পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও শক্তিশালী ও জনবান্ধব করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (২০ এপ্রিল) সিআইডি সদর দপ্তরে অনুষ্ঠিত দুদিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি জানান, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও সম্মিলিত প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে এসেছে। তিনি বলেন, সিআইডি দেশের অপরাধ তদন্ত ব্যবস্থায় অগ্রণী ভূমিকা পালন করছে এবং এর সদস্যদের পেশাগত দক্ষতা দেশের বিচার ও আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে শক্তিশালী করছে।
আইজিপি সকল সদস্যকে নিজ কর্মক্ষেত্রে দায়িত্ব ও সুযোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী তদন্তের গতি, গুণগত মান এবং সময়মতো নিষ্পত্তি নিশ্চিত করতে পেশাদার পদক্ষেপ গ্রহণ করতে হবে।
পুলিশের নৈতিকতা ও সততা প্রশ্নবিদ্ধ হলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে তিনি ব্যক্তিগত স্বার্থ ও অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান। আইজিপি অপরাধের মূল কারণ বিশ্লেষণ করে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।
তিনি বলেন, পুলিশের ৯৯ শতাংশ সদস্য সৎ ও দায়িত্বশীল, তবে অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও জোরদার করতে হবে। সিআইডির প্রচেষ্টাকে অব্যাহত রাখতে তিনি আহ্বান জানান।
সভায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তিনি কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য পুরস্কারের ব্যবস্থা আরও বিস্তৃত করার পরিকল্পনার কথা জানান। সভায় সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং জেলা ইউনিটের কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।
