পুলিশের ২ সদস্য বরখাস্ত, বিভাগীয় মামলা চলছে

পুলিশের ২ সদস্য বরখাস্ত, বিভাগীয় মামলা চলছে

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে অপেশাদার আচরণের অভিযোগের ভিত্তিতে ২ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

১৩ জুন রাতে ঢাকা থেকে নিজ বাসায় ফেরার পথে খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় খুলশী থানা পুলিশের মোবাইল-৩৩ টিমের সঙ্গে নাঈমের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঘটনার পর প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে অপেশাদার আচরণের প্রমাণ মেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলশী থানার এসআই মো. শফিকুল ইসলাম ভূইয়া এবং কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে বিভাগীয় মামলার কার্যক্রম শুরু হয়েছে।

নাঈম অভিযোগ করেন, শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষ করে চট্টগ্রামে আসার জন্য ফ্লাইটে উঠেছিলেন, কিন্তু ফ্লাইট পেছানোর কারণে তিনি ১০ টা ২০ মিনিটে পৌঁছান। এরপর সিএনজিতে করে বাসার উদ্দেশ্যে রওনা দেন।

তিনি জানান, সিএনজিতে যাওয়ার পথে একজন ট্রাফিক পুলিশ তার সঙ্গে ওঠেন এবং লালখান বাজারে নামার পর পুলিশ সদস্য শফিকুল ইসলাম তাদের গাড়ি সাইড করে নামতে বলে। নাঈম বলেন, নামার পর শফিকুল তার গলা চেপে ধরে এবং তাকে থানায় নিয়ে যায়।

নাঈম আরও জানান, থানায় গেলে ওসি তাকে চোখ নামিয়ে কথা বলতে বলেন এবং পরে ফোন আসা শুরু হলে ওসি শান্ত হন।

আরও পড়ুন