পুলিশ নিয়ে ম্যাজিস্ট্রেটের মন্তব্যের বিরুদ্ধে রিট দায়ের

পুলিশ নিয়ে ম্যাজিস্ট্রেটের মন্তব্যের বিরুদ্ধে রিট দায়ের

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের পুলিশ সদস্যের সরকারি গাড়ি পার্কিং নিয়ে করা ‘নেতিবাচক’ মন্তব্যের ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ আইন ও অধিকার ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল হোসাইন তপু রিটটি দায়ের করেন। আইন সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে, ১১ এপ্রিল পুলিশ সদস্যের গাড়ি পার্কিং নিয়ে ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের মন্তব্যে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটি মনে করে, এ ধরনের মন্তব্য পুরো বাহিনীর পেশাগত মর্যাদা ও আত্মসম্মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

শনিবার অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ৬ এপ্রিল ঢাকায় দায়িত্বরত একজন পুলিশ সদস্যের গাড়ি পার্কিং নিয়ে ম্যাজিস্ট্রেটের মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ‘পুলিশের ওপর জনগণের আস্থা নাই’ মন্তব্যটি অবমাননাকর।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে পুলিশকে জরুরি ভিত্তিতে গাড়ি রেখেই দায়িত্ব পালন করতে হয়। এই বাস্তবতাকে উপেক্ষা করে পুরো বাহিনী সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা দুঃখজনক ও অপ্রত্যাশিত। একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ সমীচীন নয়।

আরও পড়ুন