পুলিশ হত্যা মামলায় পলাশের মৃত্যুদণ্ডের রায়

পুলিশ হত্যা মামলায় পলাশের মৃত্যুদণ্ডের রায়

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় দেন। পলাশ রংপুর নগরীর বাহার কাছনা তেলীপাড়ার জাহিদুল ইসলামের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি পলাশ আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করা হয়। এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করে। এতে পিয়ারুল গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। পরে আসামি পারভেজ রহমান পলাশকে গ্রেপ্তার করা হয়। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয়পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে বিচারক মার্জিয়া খাতুন পলাশের মৃত্যুদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি আব্দুল হাদী বেলাল বলেন, পুলিশ হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ন্যায়বিচার পাওয়ায় নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, এ রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয় এবং ন্যায়বিচার পেতে তারা উচ্চ আদালতে যাবেন।

আরও পড়ুন