রাজধানীর পোস্তগোলায় ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী মারা গেছেন। শুক্রবার রাত ৯টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম পিংকি খাতুন (৩২)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা মো. রাজিবের স্ত্রী। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। পিংকির ভাই মো. জাহিদ জানান, দুই সন্তানকে নিয়ে গেন্ডারিয়ায় তার বাসায় এসেছিলেন পিংকি। রাতে ফতুল্লার বাসায় ফেরার জন্য ব্যাটারিচালিত রিকশায় রওনা দেন।
জাহিদ বলেন, ‘এর কিছুক্ষণ পর ফোনে খবর পাই, পোস্তগোলা ব্রিজের নিচে রিকশার চাকার সাথে তার পরনের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগেছে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’
সঙ্গে থাকা পিংকির দুই সন্তান সুস্থ আছে বলে জানান জাহিদ।
