প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্যানিক বায়িং অব্যাহত থাকলে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ডা. রহমান জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। তবে জ্বালানি তেলের দাম বাড়বে কিনা তা নিশ্চিত নয়। তিনি বলেন, “আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করব না বলে ইতোমধ্যে জানিয়েছি, তবে পরিস্থিতি অনুযায়ী কিছু দামের সমন্বয় প্রয়োজন হতে পারে।”
টিকাদান কার্যক্রম নিয়ে তিনি জানান, ৫ এপ্রিল থেকে টিকাদান শুরু হয়েছে এবং এটি চলমান রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতির উন্নতি হবে না। তিনি বলেন, “দেশের কিছু অংশের শিশু টিকার কাভারেজের আওতায় ছিল না, যা পূর্বের একটি ব্যর্থতার ফল।”
চিকিৎসা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, “হাসপাতালগুলোতে আমরা আক্রান্তদের সহায়তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি, তবে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে।” স্বাস্থ্য উপদেষ্টা বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা, এমন প্রশ্নের জবাবে ডা. রহমান জানান, নেতিবাচক ঘটনা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।
তিনি বলেন, “বিভিন্ন কারণে কিছু রোগ প্রতিরোধ করা সম্ভব, সেক্ষেত্রে মৃত্যুর ঘটনা গ্রহণযোগ্য নয়।” প্রধানমন্ত্রী ও বিএনপির ৩১ দফার মধ্যে প্রতিরোধমূলক চিকিৎসা নিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
