বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম তার প্রয়াত মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে ৩৮ লাখ ৪৪ হাজার ৩৪৪টি শেয়ার পেয়েছেন। এসব শেয়ারের বাজারমূল্য বর্তমানে ১৮ কোটি টাকার বেশি।
শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু গ্রুপের তিন কোম্পানির শেয়ার বুধবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী হস্তান্তর করা হয়েছে। আফরোজা খানমের মা, মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী হুরন নাহার রশিদ ১ মার্চ মারা যান।
হুরন নাহার রশিদের মৃত্যুর পর মুন্নু অ্যাগ্রো, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ও মুন্নু ফেব্রিকসের শেয়ারগুলো আফরোজা খানমের কাছে হস্তান্তর করা হয়। প্রকাশিত তথ্যে দেখা গেছে, মুন্নু অ্যাগ্রোর ৮৪ হাজার ২৪৭টি, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ ৬৮ হাজার ৪০৯টি এবং মুন্নু ফেব্রিকসের ২৬ লাখ ৯১ হাজার ৬৮৮টি শেয়ার আফরোজা খানমের নামে হস্তান্তরিত হয়েছে।
আজ মুন্নু অ্যাগ্রোর প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৩৪৯ টাকা, যার ফলে আফরোজা খানমের প্রাপ্ত ৮৪ হাজার ২৪৭টি শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ২ কোটি ৯৪ লাখ টাকা। মুন্নু সিরামিকের প্রতিটি শেয়ার ৮৬ টাকা ৩০ পয়সা এবং ১০ লাখ ৬৮ হাজার ৪০৯টি শেয়ারের বাজারমূল্য ৯ কোটি ২২ লাখ টাকা। মুন্নু ফেব্রিকসের প্রতিটি শেয়ার ২২ টাকা ৩০ পয়সা, যার ফলে ২৬ লাখ ৯১ হাজার ৬৮৮টি শেয়ারের বাজারমূল্য ৬ কোটি ১ লাখ টাকা।
মোট ৩৮ লাখ ৪৪ হাজার ৩৪৪টি শেয়ারের সম্মিলিত বাজারমূল্য ১৮ কোটি ১৭ লাখ টাকা।
