ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এক সড়ক দুর্ঘটনায় একটি কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ মে) ভোররাতে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
নিহত চালক প্রবীর রায় লালমনিরহাট সদর উপজেলার বৈরাগী কুমার এলাকার শিশির রায়ের ছেলে। দুর্ঘটনায় নিহত হেলপার জুয়েলের বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা দ্রুতগতির অপর একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া কাভার্ড ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপার প্রাণ হারান।
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
