ফেনীতে বিএসএফকে ছবি পাঠানো মরদেহের পরিচয় মিলেছে

ফেনীতে বিএসএফকে ছবি পাঠানো মরদেহের পরিচয় মিলেছে

ফেনীর ফুলগাজী সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম বিশ্বজিৎ সরকার (৬১)। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রুপসা গ্রামের মৃত গোপাল সরকারের ছেলে।

বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টার দিকে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান এ তথ্য জানান। এর আগে সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লার সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কামাল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে ও মিয়াচান হুজুরের মুরগির খামারের দক্ষিণে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সকালে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পরিচয় নিশ্চিত করতে না পারায় প্রশাসনের পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) অবহিত করে মরদেহের ছবি পাঠানো হয়। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহের ছবি দেখে স্বজনরা ফুলগাজী থানায় যান।

নিহতের শ্যালক রাজন সরকার ঢাকা পোস্টকে বলেন, ‘আমার বোনের জামাই দীর্ঘদিন ভারতের একটি ইটভাটায় কাজ করতেন। সম্প্রতি তিনি ভারতে অসুস্থ হয়ে পড়েন। ময়নাতদন্ত শেষে শেষকৃত্যের জন্য মরদেহ এলাকায় নেওয়া হচ্ছে। এখানে আসার পর অনেকে বলছেন, অবৈধভাবে সীমান্তের তারকাঁটা অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।’

ফুলগাজী থানা পুলিশের ওসি এসএম মিজানুর রহমান বলেন, ‘সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে স্বজনরা এসে পরিচয় শনাক্ত করেন। নিহতের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন