বগুড়ার তিন ইউনিয়নের নতুন নামের প্রস্তাব গণশুনানিতে এলো

বগুড়ার তিন ইউনিয়নের নতুন নামের প্রস্তাব গণশুনানিতে এলো

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবগঠিত মীরবাড়ি, দিগন্ত ও সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই শুনানি হয়, যেখানে ইউনিয়নের অংশীজনরা উপস্থিত ছিলেন। দুই উপজেলার তিনটি বিদ্যালয়ের আয়োজিত গণশুনানিতে স্থানীয় জনগণের প্রস্তাব ও মতামত লিখিত আকারে নেওয়া হয়।

নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়করা জানিয়েছেন, আগের বিতর্কিত নামগুলোর পরিবর্তে এসব এলাকার পুরোনো গ্রাম ও এলাকার নামে নতুন তিন ইউনিয়নের নামকরণের প্রস্তাব দিয়েছেন স্থানীয়রা। শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য উপজেলার বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণশুনানি হয়। ইউনিয়নের নাম পরিবর্তন কমিটির আহ্বায়ক শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান দ্য ডেইলি স্টারকে বলেন, মীরবাড়ী ইউনিয়নের নাম পরিবর্তন করে বেতগাড়ী, রামকান্দি, আলিয়ারহাট, মালোগাড়ি, গোপীনাথপুর, হরিপুর কিংবা গোরনা রাখার প্রস্তাব পাওয়া গেছে।

মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব হাসান চৌধুরী জানান, স্থানীয় জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে গণশুনানি হয়। তিনি জানান, নতুন নামের জন্য জগন্নাথপুর, অভিরামপুর, মানকৈয়র ও আমঝুপির প্রস্তাব এসেছে। ‘আমরা বিধি মোতাবেক আগামীকাল উপজেলা প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেবো,’ বলেন এই কর্মকর্তা।

মোকামতলা ইউনিয়নের দিগন্ত ইউনিয়ন নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আল মামুন বলেন, ‘আমাদের এই ইউনিয়নের দুটি এলাকা রয়েছে। আজ একটি এলাকার গণশুনানি হয়েছে ভরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। আজ ভরিয়া ও পাকুড়তলা—এই দুটি নাম বেশি এসেছে।’ আগামী বৃহস্পতিবার রহবল এলাকায় আবার গণশুনানি হবে। দুটি এলাকার প্রস্তাবিত নামগুলো একসঙ্গে উপজেলা প্রশাসনে পাঠানো হবে বলে জানান তিনি।

বিতর্কিত নামগুলো পরিবর্তনের জন্য গত ২০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বগুড়া জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়। একইদিনে বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানার সই করা একটি চিঠি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। এই চিঠির পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তনের জন্য তিনটি পৃথক কমিটি গঠন করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। এরপর গণশুনানির জন্য এলাকায় প্রচারণা চালানো হয়।

এর আগে, ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের একটি প্রজ্ঞাপনে বগুড়ার মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার বেশ কিছু ইউনিয়ন পরিষদ পুনর্গঠন করে ৪টি নতুন ইউনিয়ন করা হয়। এসব ইউনিয়নের নামের সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের এমপি মীর শাহে আলমের পরিবারের বংশ-পদবী ‘মীর’-এর সঙ্গে মীরবাড়ী ইউনিয়ন এবং তার দুই ছেলের নামের সঙ্গে সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম মিলে গেলে বিতর্ক তৈরি হয়। এ বিতর্ক জাতীয় সংসদের অধিবেশন পর্যন্ত গড়ালে প্রতিমন্ত্রী বিষয়টিকে ‘মিরাক্ল’ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন