বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে, কর্মহীন ভোলার ৬৫ হাজার

বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে, কর্মহীন ভোলার ৬৫ হাজার

মঙ্গলবার মধ্যরাত থেকে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এতে উপার্জনের পথ বন্ধ হয়ে কর্মহীন হয়ে পড়েছেন ভোলার প্রায় ৬৫ হাজার জেলে।

নিষেধাজ্ঞার শুরুতেই জেলেরা সরকারি সহযোগিতার ভিজিএফ চালসহ এনজিওর ঋণের কিস্তি বন্ধের দাবি জানিয়েছেন। তারা সরকারের কাছে ভারতীয় জেলেদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ারও দাবি করেন।

ভোলা জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, ১৪ এপ্রিল দিনগত মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ১১ জুন মধ্যরাত পর্যন্ত চলবে। জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, ভোলার ৭ উপজেলায় নিবন্ধিত সাগরের জেলে রয়েছেন ৬৩ হাজার ৯৫৪ জন।

সরেজমিনে ভোলা খাল ঘুরে দেখা যায়, নিষেধাজ্ঞার কারণে সব জেলে তাদের জাল ও ট্রলার নিয়ে ঘাটে ফিরে এসেছেন। জাল ও ট্রলার মেরামতের কাজ শুরু করেছেন তারা।

জেলে রিয়াজ ও রাকিব বলেন, নিষেধাজ্ঞার কারণে তারা কর্মহীন হয়ে পড়েছেন এবং সরকারের কাছে খাদ্য সহায়তার দাবি জানান। মো. ফারুক ও হাসান মাঝি জানান, ভারতের জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং প্রতি জন জেলেকে ৭৭ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন